বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মনোয়ার হাসপাতালের সামনে একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হারুন পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত
ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মনোয়ার হাসপাতালের সামনে একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হারুন পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঁঠালিয়া এলাকায়। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় থাকতেন।

হাসপাতালে হারুনকে নিয়ে আসা প্রাইভেটকার মালিক কাজী লুৎফর জানান, হারুন তার গাড়িটি চালাতেন। ঘটনার রাতে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গ্যারেজের সামনে দাঁড়িয়ে অন্য চালকদের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন।

লুৎফর আরও জানান, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপভ্যান ও এর চালক বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য অবহিত করা হয়েছে।