বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে অবস্থিত কিডনি বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলামের সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অবস্থিত কিডনি বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলামের সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মঈন ছাড়া বাকি ছয়জনের নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি সংস্থাটি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, আলোচিত এই চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ সাতজনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগে মঈনের আরও চার সহযোগী ফালান মিয়া, রুবেল, সুমন ও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষাপটে গত ১১ এপ্রিল সিকেডি ইউরোলজি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে আরও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়। এজাহার অনুযায়ী, মঈন ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, গত ১০ এপ্রিল সকালে মঈন ও তার সহযোগীরা আবু হানিফের বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে দাবিকৃত চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অত্যন্ত উশৃঙ্খল আচরণ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আবু হানিফ তার ভাইকে খবর দিলে আসামিরা পরিকল্পিতভাবে আরও লোক জমায়েত করে হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও হুমকিমূলক স্লোগান দেয় এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকা মঈনকে অবশেষে গ্রেপ্তার করল র‍্যাব।