আসন্ন এসএসসি পরীক্ষায় কঠোর নিয়মাবলী আরোপের প্রতিবাদে পঞ্চগড়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে এসএসসি ২০২৬-২৭ ব্যাচের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়ে নিয়ম শিথিলের দাবি জানায়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের স্থিরচিত্র ও ভিডিও ওইদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ি য়ে পড়ে, যা নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পরীক্ষার্থীদের এমন দাবি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের বড় একটি অংশ শিক্ষার্থীদের এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে নেতিবাচক মন্তব্য করেছেন।
বিষয়টি নজরে আসার পর শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন তার ভেরিফাইড ফেসবুক পেজে আন্দোলন সংশ্লিষ্ট একটি সংবাদের লিংক শেয়ার করেন। সেখানে তিনি অনুসারীদের সংবাদের নিচের মন্তব্যগুলো পড়ার আমন্ত্রণ জানান। শিক্ষার্থীদের এমন আন্দোলন এবং মন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।