সিলেটে সুরমা নদীর দুই তীরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে নদীর উভয় তীরে টেকসই বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আকর্ষণীয় পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ঐতিহাসিক চাঁদনীঘাট এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও বর্তমান অগ্রগতি সম্পর্কে অবগত হন। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করার জন্য তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য সুরমা নদীর ভাঙন রোধ এবং স্থায়ীভাবে বন্যা প্রতিরোধ করা। একই সঙ্গে নদীর দুই পাড়জুড়ে ওয়াকওয়ে এবং বিনোদন কেন্দ্র তৈরির মাধ্যমে নগরবাসীর জন্য আধুনিক নাগরিক সুবিধার প্রসারের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও অংশ নেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে সুরমা পাড় ঘিরে সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।