কল্পনা ও কৌতূহলের সমন্বয়ে আদিম যাযাবর জীবন থেকে আধুনিক সভ্যতার বিকাশ ঘটিয়েছে মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতি মানবজীবনের সক্ষমতা ও জীবনমানে আমূল পরিবর্তন এনেছে। এরই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করেছে। বিশেষ করে চলচ্চিত্র নির্মাণে প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে এআই সৃষ্টি করছে অভিনব দিগন্ত।
এই প্রেক্ষাপটে সৃজনশীল ও আগ্রহী নির্মাতাদের জন্য আধুনিক ও যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা তুলে ধরতে ‘লেখালেখি’ আয়োজন করেছে একটি বিশেষ কর্মশালা।
‘Beyond the Lens: AI-Driven Storytelling—From Idea to Screen’ শিরোনামে আয়োজিত এই কর্মশালায় দেখানো হবে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সৃজনশীলতা ও নির্মাণশৈলীকে আরও প্রাণবন্ত, কার্যকর এবং সহজ করে তুলতে পারে।
দক্ষ গল্পকার তৈরির উদ্যোগ 'লেখালেখি'
দক্ষ, চিন্তাশীল ও দায়িত্বশীল গল্পকার তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘লেখালিখি’ নামের একটি লেখালিখি ও কনটেন্টভিত্তিক উদ্যোগ। ফিচার রাইটিং, সাংবাদিকতা এবং চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মটি নতুন প্রজন্মের সৃষ্টিশীলদের জন্য একটি সংগঠিত ও পেশাদার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
উদ্যোগটির আওতায় নিয়মিত ওয়ার্কশপ, অভিজ্ঞদের তত্ত্বাবধানে মেন্টরশিপ এবং বাস্তবভিত্তিক শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। আয়োজকদের মতে, এসব কার্যক্রমের মাধ্যমে উদীয়মান লেখক, সাংবাদিক ও নির্মাতারা নিজেদের দক্ষতা শাণিত করার পাশাপাশি সমাজকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ ও উপস্থাপনের সুযোগ পাবেন।
লেখালিখি বিশ্বাস করে, শক্তিশালী বয়ান বা ন্যারেটিভ জনপরিসরের আলোচনাকে প্রভাবিত করে, সংস্কৃতির গতিপথ নির্ধারণ করে এবং ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখে। তাই সৃজনশীল চর্চার পাশাপাশি নৈতিকতা ও জ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠান সূচি
আগামী ১৬ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সীমিত আসনের এই আয়োজনে নিবন্ধনের মাধ্যমে মাত্র ২০ জন আগ্রহী নির্মাতা অংশগ্রহনের সুযোগ পাবেন।
কর্মশালার মূল বিষয়বস্তু
দিনব্যাপী এই কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হবে। বিশেষভাবে চলচ্চিত্র শিল্পে এআই প্রযুক্তির বিপ্লবাত্মক ভূমিকা তুলে ধরা হবে। অংশগ্রহণকারীদের শেখানো হবে কীভাবে ব্যয়বহুল প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে শুধুমাত্র সৃজনশীলতা ও এআই-এর সমন্বয়ে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ সম্ভব।
এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে ফ্রী সার্টিফিকেট ও সমমনা ক্রিয়েটিভ মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ।
মেন্টর
কর্মশালায় মেন্টর হিসেবে থাকবেন দেশের বিজ্ঞাপন জগতের সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হাসিব হাসান চৌধুরী। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি কজিটো মার্কেটিং সল্যুশনস ও অ্যাডকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবি, সিটিসেল ও প্রাণসহ শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন ক্যাম্পেইনে কাজ করার পাশাপাশি তিনি কান লায়ন্স ও রেড অ্যাপল অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক আসরে জুরি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি দেখাবেন কীভাবে সৃজনশীলতার সঙ্গে এআই প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে চলচ্চিত্র নির্মাণে নতুন উচ্চতা অর্জন করা সম্ভব।