মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী অংশ হিসেবে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য।নবম দিনের মতো আইএসআইএল-কে লক্ষ্য করে চালানো এই হামলায় ২৫ জনের মতো যোদ্ধাকে হত্যা এবং আটকের খবর পাওয়া গেছে।
শনিবার (৩ জানুয়ারি) সিরিয়ার পালমিরা অঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকাটি আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর অস্ত্র মজুদের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। গোষ্ঠীটির পুনরুত্থানের সম্ভাব্য ঝুঁকি ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্সের সঙ্গে সমন্বিত অভিযানে যুক্তরাজ্যের বিমান বাহিনী দায়েশের বিরুদ্ধে সফলভাবে হামলা সম্পন্ন করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লক্ষ্যবস্তু করা এলাকাটি প্রাচীন পালমিরার উত্তরে অবস্থিত এবং সেখানে কোনো বেসামরিক বসতি নেই।
এদিকে, ডিসেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় টানা নয় দিনের অভিযানে প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা অথবা আটক করেছে।
১৩ ডিসেম্বর সিরিয়ায় আইএসআইএলের এক হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান শুরু হয়। ঘটনার ছয় দিন পর গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান জোরদার করা হয়।
অন্যদিকে, তুরস্ক সরকার জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত অভিযানে তারা ১০০ জনের বেশি আইএসআইএল সন্দেহভাজনকে আটক করেছে।