রোমাঞ্চ নিয়ে স্টেডিয়ামে পা রাখা হাজারো দর্শকের অপেক্ষা শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয়। কেউ গ্যালারিতে বসে থেকেও একটি বল মাঠে গড়াতে দেখেননি, কেউ আবার গেট থেকেই ফিরে গেছেন নিরাশ হয়ে। টেলিভিশনের পর্দায় চোখ রাখা দর্শকরাও পেয়েছেন কেবল শূন্যতা। ক্রিকেটবিহীন সেই দিনের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সমঝোতায় পরিস্থিতির অবসান হয়েছে, আর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উভয় পক্ষ।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এর জেরে বুধবার রাতে কোয়াব ঘোষণা দেয়, বৃহস্পতিবার প্রথম ম্যাচ শুরুর আগে ওই পরিচালক পদত্যাগ না করলে তারা সব ধরনের খেলা বন্ধ রাখবে।
পরদিন বিপিএলের ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন রাখে বিসিবি। তবে ক্রিকেটাররা টিম হোটেল ছাড়েননি। সন্ধ্যার ম্যাচ শুরু হবে—এই আশায় অনেক দর্শক গ্যালারিতে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কোনো খেলা ছাড়াই স্টেডিয়াম ত্যাগ করতে হয় তাদের।
পরিস্থিতির অবসান ঘটে রাতে বিসিবি কর্মকর্তা ও কোয়াব নেতাদের বৈঠকের পর। বৈঠক শেষে জানানো হয়, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং শুক্রবার থেকে বিপিএল আবার মাঠে গড়াবে।
গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, পুরো পরিস্থিতিতে তারা কার্যত অসহায় অবস্থায় পড়েছিলেন।
তিনি বলেন, “প্রথমত, আমরা সরি। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের স্যাটেলাইট টাইমসহ সবকিছু ব্লক করা ছিল। আমরা টানা চেষ্টা করেছি খেলা চালু রাখার। কিন্তু একটা বিষয় বুঝতে হবে— আমি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হলেও একা সিদ্ধান্ত নিতে পারি না। মিঠুন কোয়াব সভাপতি হলেও একা সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের দু’পক্ষকেই অনেকের সঙ্গে আলোচনা করতে হয়েছে।”
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “সমর্থকদের প্রতি আমরা দুঃখিত। কারণ সমর্থকদের জন্যই খেলাটা এগিয়ে যায়, খেলোয়াড়রা খেলে। সব আয়োজনই তাদের জন্য। আমরা তাৎক্ষণিকভাবে সব টিকিটের টাকা ফেরত দিয়েছি। যেটা হয়ে গেছে, সেটা তো আর ফেরানো যাবে না। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সবার জন্যই নতুন ছিল। এজন্য ‘সরি’ বলা ছাড়া আমার আর কিছু নেই।”
এরপর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে পাশে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “ক্রিকেটারদের পক্ষ থেকে বলতে চাই, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, যা কারও কাম্য ছিল না। আমাদের দর্শকরা ছাড়া ক্রিকেট চলবে না— ক্রিকেটের প্রাণই হলো দর্শক। সব ক্রিকেটারের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও যোগ করেন, “আগেও যেভাবে আমাদের সমর্থন করেছেন, কাল থেকে আবারও সেই সমর্থন পাব— এই আশা রাখি। আপনারা আমাদের যতটা ভালোবাসেন, আমরাও ঠিক ততটাই আমাদের ভক্তদের ভালোবাসি।”
খেলা বন্ধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা ও ট্রল শুরু হয়। সেই ক্ষোভ ও সংশয় দূর করার চেষ্টা করে ইফতেখার রহমান বলেন, “ক্রিকেটাররা মাঠে নিজেদের শতভাগ দেয়। তারা দেশের জন্য খেলে, ক্লাবের জন্য খেলে, ফ্র্যাঞ্চাইজির জন্য খেলে। ক্রিকেট তাদের পেশা, আবার নেশাও। আমাদের খোলা মনে বিষয়গুলো দেখা উচিত। তারা বাংলাদেশের সম্পদ। আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি, একদিন মূল বিশ্বকাপও আসবে— সেই স্বপ্ন নিয়েই সবাই কাজ করছে।”