যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ শ্রমবাজারে কর্মী ঘাটতি কমাতে ২০২৬ অর্থবছরের জন্য অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ (H-2B) মৌসুমি অতিথি শ্রমিক ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে। মূলত যেসব নিয়োগকর্তা পর্যাপ্ত জনশক্তির অভাবে বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তাদের সহায়তায় এই ভিসা অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যেক বছর নিয়মিতভাবে যে ৬৬ হাজার মৌসুমি ভিসা প্রদান করা হয়, এবার তা প্রায় দ্বিগুণে পৌঁছাবে। ফলে নির্মাণ, হোটেল ও পর্যটন, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো শ্রমনির্ভর খাতগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং শ্রমশূন্যতার কারণে এই অতিরিক্ত কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছেন, মার্কিন অর্থনীতি সচল রাখার জন্য এবং শ্রমঘাটতি পূরণের জন্য এর আগেও বিভিন্ন সময় ভিসার সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মৌসুমি শ্রমিকের অভাবে সমস্যার মুখে পড়ার অভিযোগ জানাচ্ছিলেন।
তবে কিছু অভিবাসন বিরোধী গোষ্ঠী আশঙ্কা প্রকাশ করছে যে, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের আগমনে স্থানীয় মার্কিন শ্রমিকদের মজুরি কমে যেতে পারে। ফেডারেল রেজিস্টারের তথ্যমতে, এই অতিরিক্ত ভিসা কার্যক্রমের বিস্তারিত নীতিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।