নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিটন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে এবং তিনি সোনারগাঁয়ের বৈদ্যারবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শনিবার পৌরসভা এলাকায় স্থানীয় ‘সাকিব গ্রুপ’ নামের একটি পক্ষের সঙ্গে লিটনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে গত রাতে লিটন রতনপুর এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।