রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে শান্তি, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার নয়াপল্টনে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিনে নতুন করে উপলব্ধি করতে হবে—শান্তির পথে থেকে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করা এবং মিয়ারে হক হিসেবে তাঁর সাহাবিদের জীবনাদর্শকে অনুসরণ করা গেলে দেশে অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য থাকবে না।
তিনি বলেন, ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করা হলে বিশ্বে যুদ্ধ-বিগ্রহের কোনো সুযোগ থাকে না। এর মাধ্যমে ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে শৃঙ্খলাও বজায় থাকে। কিন্তু মানুষ সেই বাণী ও আদর্শ থেকে সরে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তার পেছনে রয়েছে স্বার্থের সংঘাত, অর্থনৈতিক দ্বন্দ্ব ও পারস্পরিক স্বার্থকে কেন্দ্র করে যুদ্ধ। শান্তি, সাম্য ও অর্থনৈতিক ন্যায়বিচারের পথে থাকলে এসব সংঘাতের অবসান সম্ভব।
তিনি বলেন, ‘আজকের এই দিনে এটাই হোক আমাদের শিক্ষা। রাসুলুল্লাহ (সা.) এর দেখানো ও অনুশীলনকৃত পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায়বিচার প্রতিষ্ঠা করি।’
অনুষ্ঠানের আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া আইনশৃঙ্খলা বাহিনী, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ এবং জনগণের আকাশচুম্বী প্রত্যাশা—সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বাড়ানো এবং তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে উৎসাহিত করার কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
‘সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে, এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই বা বিচারের আওতায় আনতে পারে নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব,’ যোগ করেন তিনি।
পুলিশের মনোবল ফিরে এসেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীটি এখন পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছে।
রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ রকম (শিশু) রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধ আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সোপর্দ করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে, সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সব কিছু আপনারা জানেন। এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে।’
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, কর্মকাণ্ডের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে এবং তাদের জন্য দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে।’
‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না,’ যোগ করেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।