বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ব্যাটিং বিপর্যয়ের দিনে জয়ের আশা বাঁচিয়ে রাখল শরিফুল

যে দিনটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল চরম হতাশা দিয়ে, দিনের শেষটা যেন নতুন আশার আলো দেখাল। ম্যাকাই টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনলেন শরিফুল ইসলাম। ধারাভাষ্যকারের ভাষায়, ‘শরিফুল দ্য কামব্যাক ইসলাম’—সত্যিই যেন প্রত্যাবর্তনের দিন হয়ে থাকল তাঁর জন্য।

ব্যাটিং বিপর্যয়ের দিনে জয়ের আশা বাঁচিয়ে রাখল শরিফুল

যে দিনটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল চরম হতাশা দিয়ে, দিনের শেষটা যেন নতুন আশার আলো দেখাল। ম্যাকাই টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনলেন শরিফুল ইসলাম। ধারাভাষ্যকারের ভাষায়, ‘শরিফুল দ্য কামব্যাক ইসলাম’—সত্যিই যেন প্রত্যাবর্তনের দিন হয়ে থাকল তাঁর জন্য।

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বাঁহাতি এই পেসার। সেই বিরতি কাটিয়ে ফিরে ম্যাকাইয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি। ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ যখন মাত্র ৬৪ রানে গুটিয়ে যায়, তখন ১১ নম্বরে নেমে শরিফুল করেন ১৪ রান। আশ্চর্যের বিষয়, সেটিই হয়ে যায় দলের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এরপর বল হাতে আরও বড় চমক দেখান শরিফুল। মাত্র ৩৫ রান খরচ করে তুলে নেন ৬ উইকেট—টেস্ট ক্রিকেটে যা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। একই ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রান করা এবং অন্তত ৫ উইকেট নেওয়া প্রথম টেস্ট ক্রিকেটারও হলেন তিনি।

ম্যাকাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৬৪ রানে। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমন বিপর্যয়ের পরও বল হাতে লড়াই চালিয়ে যান শরিফুল।

অস্ট্রেলিয়ার ইনিংসে বোলিংয়ে এসেই জোড়া আঘাত হানেন তিনি। ৪১ রানে ৩ উইকেট হারানোর পর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন ৭৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের বিপদ কাটানোর চেষ্টা করছিলেন। অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢুকে আসা বলে স্মিথকে এলবিডব্লিউ করে সেই জুটি ভেঙে দেন শরিফুল।

এরপর মেহেদী হাসান মিরাজের বলে অ্যালেক্স ক্যারি উইকেট হারালে আবারও আক্রমণে আসেন শরিফুল। এরপর টানা তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বড় ধস নামান তিনি।

প্রথমে দুর্দান্ত ইনসুইঙ্গারে বো ওয়েবস্টারকে এলবিডব্লিউ করেন। এরপর সারপ্রাইজ বাউন্সারে প্যাট কামিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন। কিছুক্ষণ পর মিচেল স্টার্কের স্টাম্প উড়িয়ে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন শরিফুল।

বাংলাদেশ ৬৪ রানে অলআউট হলেও শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ১০১ রানে এগিয়ে রয়েছে এবং তাদের হাতে আছে আরও ২ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ আপাতত স্বাগতিকদের হাতে থাকলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারলে লড়াইয়ে শক্তভাবে ফিরতে পারে।

১৮ উইকেট পতনের এই দিনে দুই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও মিচেল স্টার্ক মিলে নিয়েছেন ১২ উইকেট। স্টার্কও গড়েছেন রেকর্ড। মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পথে টেস্টে প্রথম বলেই উইকেট পাওয়ার কীর্তি চতুর্থবারের মতো গড়েছেন তিনি—যা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া টেস্টের প্রথম ওভারেই উইকেট পাওয়ার ঘটনা ঘটেছে তাঁর ক্যারিয়ারে নবমবার, এটিও বিশ্ব রেকর্ড।