বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মাত্র দেড় বছর বয়সী এক শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণরক্ষা পেলেও তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে দ্রুত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মাত্র দেড় বছর বয়সী এক শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণরক্ষা পেলেও তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে দ্রুত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রংপুরের অভিমুখে রওনা হয়। পথিমধ্যে বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহগুলো তাদের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায় পাঠানো হয়েছে এবং সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। ঈদ উদযাপনের উদ্দেশ্যে ঢাকা থেকে সপরিবারে নাড়ির টানে বাড়ি ফেরার পথেই এই করুণ পরিণতির শিকার হলেন তারা।