সরকার ক্রমেই ব্যর্থতার দিকে এগোচ্ছে এবং সাম্প্রতিক নির্বাচন প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি, এমন অভিযোগ তুলে বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যে নির্বাচনকে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থেকেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
তিনি জানান, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে এবং তার মতে, আসন্ন এ নির্বাচন হবে তারুণ্যের জয়জয়কার, যা এনসিপির নেতৃত্বেই সম্ভব হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির ছায়াতলে জনগণ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় তুলে ধরা হবে। ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার।
ইসহাক সরকার সম্পর্কে তিনি বলেন, “ইসহাক সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।”
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জ্বালানি সংকট নিয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণ এবং কোনো সিন্ডিকেট জড়িত কিনা—এসব বিষয়ে জনগণকে স্পষ্ট ধারণা দিতে হবে।
তিনি বলেন, জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেট কাজ করছে। সরকার যদি এদের দমন করতে ব্যর্থ হয়, তাহলে এনসিপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারের কার্ড বিতরণকে স্বাগত জানালেও এর অর্থের উৎস নিয়ে ব্যাখ্যা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না এনে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে টাকা ছাপাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ থানায় ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি গণতান্ত্রিক ক্যাম্পাস চায়।”
তিনি আরও জানান, এনসিপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত হচ্ছে এবং সংগঠনগতভাবে শক্তিশালী অবস্থানে এগিয়ে যাচ্ছে।