ঢাকার দোহার উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর এলাকায়। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পায়েল পালিয়ে গেছেন বলে জানিয়েছে আহত ব্যক্তির পরিবার ও স্থানীয়রা।
আহত ফিরোজ হোসেন (৩৮) জয়পাড়া বাজারের একজন ব্যবসায়ী। তিনি ওই এলাকার শেখ আনছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সঙ্গে ফিরোজের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে, শুক্রবার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। ফিরোজের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
কী কারণে পায়েল এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ফিরোজের পরিবারের সদস্যরা। তবে তারা পায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, “পুরুষাঙ্গ কাটা অবস্থায় ফিরোজ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আমরা তাকে ঢাকায় রেফার্ড করেছি।”
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।