শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

তামিমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালকে কেন্দ্র করে ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তামিমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালকে কেন্দ্র করে ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার দায়িত্বকালে বিপিএলে জুয়া বা ফিক্সিংয়ের হার ৮২ শতাংশ কমিয়ে আনা এবং ঢাকার ক্রিকেট বিকেন্দ্রীকরণ করার সিদ্ধান্তই একটি পক্ষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাবেক সভাপতি বুলবুল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) প্রসঙ্গে জানান, গত বছরের লিগে দুটি ক্লাবের মধ্যকার একটি ম্যাচে ফিক্সিংয়ের সুনির্দিষ্ট রিপোর্ট প্রধান নির্বাহীর দপ্তরে জমা ছিল। তার ভাষ্য অনুযায়ী, এই ঘটনায় গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব জড়িত ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম ইকবাল এবং শাইনপুকুর ক্লাবের নেপথ্যে খালেদ মাহমুদ সুজন যুক্ত ছিলেন। বিষয়টি সেই সময় সংবাদমাধ্যমে আসার পর তদন্তও শুরু হয়েছিল বলে তিনি দাবি করেন।

তবে আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া তথ্যে কিছু গরমিল লক্ষ্য করা গেছে। নথিপত্র অনুযায়ী, তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নন। প্রকৃতপক্ষে এই ক্লাবের কাউন্সিলর হিসেবে নিবন্ধিত আছেন মিজানুর রহমান। অন্যদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচনে তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হয়েছিলেন, যে দলটি বর্তমানে ঘরোয়া ক্রিকেটের প্রথম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিসিবির বর্তমান ও সাবেক শীর্ষ নেতার এমন পরস্পরবিরোধী বক্তব্য এবং ব্যক্তিগত সংশ্লিষ্টতার তথ্য নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্তাধীন সেই রিপোর্টের বিস্তারিত প্রকাশ পেলে এই বিষয়ে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।