বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর (১৭)। আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা তিনজনেই স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল প্রাণ হারায়। স্থানীয়রা গুরুতর আহত ইয়ানুর ও মাহিরকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুরও মারা যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। স্কুলছাত্রদের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।