ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার ভোরে রাবনা বাইপাস এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যায়। এসময় দুই যানের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।