রাজধানীর তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবরোধ শুরু হয় বলে নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, সাতরাস্তা মোড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কসংযোগ। অবরোধের কারণে বিজয়নগরসহ আশপাশের সড়কগুলোতেও যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মহাখালীর দিক থেকে আসা যানবাহন বিকল্প পথে (ডাইভারশন) চালানো হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে—যার প্রতিবাদে তারা সড়কে নেমেছেন। তাদের মতে, এই সুপারিশ বাতিল না হলে আন্দোলন আরও কঠোর হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, “সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। কিন্তু আমরা জানতে পেরেছি, উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এদিকে অবরোধের কারণে আশপাশের এলাকায় যানজট বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।