রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

তেল নিতে লাগবে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালুর আগেই তৈরি হয়েছে দীর্ঘ ভোগান্তি। জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে।

বুধবার (২৫ মার্চ) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, তেল নেওয়ার সময় চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন থাকতে হবে। পাশাপাশি হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটকে নির্ধারিত উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।

নতুন এই নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে যায়। অনেক চালকই ফুয়েল কার্ড ব্যবস্থাকে নতুন ভোগান্তির কারণ হিসেবে দেখছেন এবং এতে তাদের আরও সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।