শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

থানায় সালিশি বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি পারিবারিক বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে আটক হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

থানায় সালিশি বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি পারিবারিক বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে আটক হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে সোমবার রাতে থানা চত্বর থেকেই তাকে হেফাজতে নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক সমস্যার বিষয়ে থানায় আয়োজিত সালিশি বৈঠকে অংশ নিতে আসেন কাজী জাহানারা পারভীন। বৈঠক চলাকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপাসহ উপস্থিত কয়েকজনের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে আটক করে। আটকের সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আটকের পর তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানা সূত্রে জানা গেছে, জাহানারা পারভীনকে সদর উপজেলার রামগঞ্জের আলোচিত সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নেত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। থানায় সালিশ করতে গিয়ে আওয়ামী লীগ নেত্রীর আটকের এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।