দারুণ এক সুখবর পেল বাংলাদেশে নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই নিশ্চিত হয়ে গেল মূলপর্বের টিকিট। সুপার সিক্সের এখনো দুটি ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে আগেই শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৯০ রান। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে ২১ রানে পরাজিত ঘোষণা করা হয় নেদারল্যান্ডসকে।
এই জয়ের ফলে নেদারল্যান্ডসও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, যা বাংলাদেশের সমান। ফলে দুই দলেরই মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায়।
বাছাইপর্ব থেকে বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখনো কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
আগামী জুন ও জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।