নড়াইল সদর উপজেলায় মাত্র তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যার সঙ্গে আলুকদিয়া গ্রামের আরিফা খাতুনের বিয়ে হয়। সন্তান প্রসবের পর থেকে আরিফা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। মাসখানেক আগে তিনি শিশু সন্তান তাবাসসুমকে নিয়ে পিত্রালয়ে বেড়াতে আসেন। আজ সকালে স্থানীয়ভাবে জানাজানি হয় যে, মা আরিফা নিজের সন্তানের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, তার প্রবাসী ভাই গতকালই ফোন করে জানিয়েছিলেন যে আজ তাদের বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু সকালে আকস্মিক খবর পান যে তার ভাতিজিকে মেরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে এসে তিনি শিশুটির গলার দুই পাশে আঘাতের চিহ্ন দেখতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।