ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ভিয়েতনামের স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও ক্রু সদস্য পানিতে তলিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস লিখেছে, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান থাকায় এই দুর্ঘটনার সঠিক বিবরণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’
এদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে নয়াদিল্লির অন্ধ্রপ্রদেশ ভবন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন।
তিনি জানতে চেয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা রয়েছেন কি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবকাশ যাপনে ভিয়েতনামে যাওয়া অন্ধ্রপ্রদেশের কয়েকজন পর্যটকও এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
সূত্র: এনডিটিভি