নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় পাওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়েও বড় ধরনের অগ্রগতি দেখাল বাংলাদেশের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পুরস্কার হাতে হাতেই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে র্যাংকিংয়ে প্রভাব পড়েছে তাদের।
সবচেয়ে বড় অগ্রগতি করেছেন সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। তিনি ১৬ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে অবস্থান করছেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৮তম স্থানে। অন্যদিকে ১৪ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান এখন ৪১তম ওয়ানডে বোলার।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও উন্নতি এসেছে টাইগারদের। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন। ওপেনার লিটন দাস ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫তম অবস্থানে রয়েছেন।
অলরাউন্ডারদের তালিকায়ও এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি আরও এক ধাপ উন্নতি করে বর্তমানে যৌথভাবে বিশ্বের তৃতীয় সেরা ওয়ানডে অলরাউন্ডার।
এদিকে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সও র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ম্যাচজয়ী ফিফটি করা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন। পারভেজ হোসেন ইমন ৩ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪০তম স্থানে রয়েছেন।
বোলারদের তালিকায় অফস্পিনার শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন।