বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ওরফে ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ওরফে ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসির নির্দেশনায় ধান্যদৌল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল ধান্যদৌল গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে সোনা মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মাদকসহ গ্রেফতারের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থান নিয়েছে উপজেলা বিএনপি। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার জানান, দলের সুনাম ক্ষুণ্ণকারী কোনো দুষ্কৃতকারীর জায়গা বিএনপিতে নেই। তিনি বলেন, সুযোগ বুঝে কিছু অসাধু ব্যক্তি দলে ঢুকে পড়ার চেষ্টা করলেও হাইকমান্ডের নির্দেশে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া সোনা মিয়া ওরফে ইসমাইলকে বৃহস্পতিবারই দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এইচএম হেদায়েত উল্লাহ সরদার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।