বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি এক পডকাস্টে জানালেন তাঁর ক্যারিয়ারের এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা। একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একটি শুভেচ্ছা চিঠি পেয়েছিলেন।
পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে এই চিঠিটি পাঠিয়েছিলেন তারেক রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এ উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।’
পূর্ণিমা আরও বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন’।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের পডকাস্টে উপস্থাপক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপে নিজের জীবনের নানা দিক তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি ‘দহন’ সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত কেন তিনি ওই দুটি ছবিতে অভিনয় করেননি, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন এই পডকাস্টে।
এছাড়া ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূর্ণিমা বলেন, তাঁর প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ নায়িকা হিসেবে তিনি নির্মাতা জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিলেন না। অন্য একজন অভিনেত্রী সিনেমাটি না করায় শেষ পর্যন্ত তাকে নির্বাচন করা হয়।