শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখগুলোতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক আইডিতে এই কর্মসূচির কথা ঘোষণা করেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। তিনি বলেন, “আমাদের পূর্বঘোষিত এক ঘণ্টার সময় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি।”
রাবেয়া শম্পা আরও জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশি ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ ও শহীদ হাদির পরিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। বিকাল ৫টার সময় তারা সরকারের প্রতি এক ঘণ্টার আলটিমেটাম দেন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার তদন্তের দাবি জানায়।
অবস্থানকালে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শহীদ হাদির স্ত্রী রাবেয়া শম্পা ও অন্যান্য মঞ্চ সদস্যরা।
ফাতিমা তাসনিম জুমা সাংবাদিকদের জানান, “জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদ হাদির স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মঞ্চ। কিন্তু সহযোগিতার ক্ষেত্রে সবাই হাত গুটিয়ে রেখেছে।”
এ অবস্থায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শান্তিপূর্ণ এবং নিয়মবদ্ধভাবে তাদের দাবি জানিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।