যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন, ভিসা সংকট এবং নানা প্রশাসনিক জটিলতার মধ্যেই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে মাঠে নামবে তারা।
টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইরানের অধিনায়ক মেহদি তারেমি স্বীকার করেছেন, এবারের বিশ্বকাপে দলের পরিবেশ আগের মতো স্বাভাবিক ও আনন্দঘন নেই। বরং নানা অনিশ্চয়তার কারণে খেলোয়াড়দের মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করতে বাধ্য হয় ইরান। পরে দলটি অনুশীলনের জন্য মেক্সিকোর টিজুয়ানায় ক্যাম্প স্থাপন করে। সেখান থেকে ম্যাচের আগের দিন প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় তারা। ম্যাচ শেষ হওয়ার পর আবারও মেক্সিকোতে ফিরে যেতে হবে দলকে।
এর পাশাপাশি দলের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের ভিসা না পাওয়া এবং টিকিট সংক্রান্ত সমস্যাও বাড়তি চাপ তৈরি করেছে।
পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী তারেমি বলেন, ‘যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম মুহূর্ত থেকেই আমরা একটা মানসিক চাপ অনুভব করছি। যেকোনো টুর্নামেন্টে যখন এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনা থাকে, তখন ফুটবল যে শান্তি ও আনন্দের বার্তা দেয়, তা হারিয়ে যায়। শুধু আমরা নই, আরও বেশ কয়েকটি দেশ ভিসা ও ক্যাম্প নিয়ে সমস্যায় পড়েছে। ফলে বিশ্বকাপের যে চিরচেনা আনন্দঘন আমেজ থাকে, এবার মানুষ সেই অনুভূতি পাচ্ছে না।’
ইরানের কোচও মনে করেন, বর্তমান পরিস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলছে। তিনি বলেন, ‘ফুটবল হলো সংস্কৃতি ও জাতিগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম। অথচ এই পরিস্থিতি আমাদের খেলার কৌশলে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা বাধা বিপত্তিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত।’
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইরান-নিউজিল্যান্ড ম্যাচ। ওই এলাকায় বড় সংখ্যক ইরানি প্রবাসী বসবাস করায় গ্যালারিতে সমর্থকদের অবস্থান নিয়ে ভিন্নমত দেখা যেতে পারে। রাজনৈতিক কারণে কিছু প্রবাসী নিউজিল্যান্ডের পক্ষেও সমর্থন জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন অধিনায়ক তারেমি। তিনি বলেন, ‘আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, এখানে স্রেফ ফুটবল খেলতে এসেছি। আমরা দেশ বা বিদেশের প্রতিটি ইরানির জন্য খেলি। মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তবে আমাদের লক্ষ্য ফুটবলের মাধ্যমে সবাইকে এক করা।’
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন দিবাগত রাত ১টায় বেলজিয়াম এবং ২৭ জুন সকাল ৯টায় মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।