শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ

নাটক প্রযোজনার দীর্ঘ অভিজ্ঞতা পেরিয়ে এবারই প্রথম কোনো মঞ্চনাটকের নির্দেশকের ভূমিকায় অবতীর্ণ হলেন জান্নাতুল টুম্পা।

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ
ছবি : সংগৃহীত

নাটক প্রযোজনার দীর্ঘ অভিজ্ঞতা পেরিয়ে এবারই প্রথম কোনো মঞ্চনাটকের নির্দেশকের ভূমিকায় অবতীর্ণ হলেন জান্নাতুল টুম্পা।

প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও নাট্যকার মামুনুর রশীদের রচনায় এবং সূচনা থিয়েটারের ব্যানারে নির্মিত ‘অমানুষ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউ ব্রান্সউইকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা পৌনে ৭টায় নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসরকে কেন্দ্র করে এই বিশেষ নাট্য পরিবেশনার আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই উৎসবের মূল আয়োজক ছিল এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল কোল্যাব আর্টস। মঞ্চে সমাদৃত এই নাটকের দৃষ্টিনন্দন পোস্টার কনসেপ্ট ও ডিজাইন যৌথভাবে সম্পন্ন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।

প্রথমবারের মতো নাট্য নির্দেশনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জান্নাতুল টুম্পা জানান, প্রায় বিশ বছর ধরে তিনি নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের এই বিশাল কর্মযজ্ঞ খুব কাছ থেকে পর্যবেক্ষণ ও অনুধাবন করার সুযোগ হয়েছে তার, যা তাকে এবার পরিচালকের আসনে বসতে দারুণভাবে অনুপ্রাণিত ও সাহায্য করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, আগে থেকে কোনো ধরাবাঁধা পরিকল্পনা করে তিনি পরিচালনায় আসেননি। মূলত বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের আন্তরিক ইচ্ছাকে প্রাধান্য দিতেই ‘অমানুষ’ নাটকটির পরিচালনার দায়িত্ব কাঁধে নেওয়া। দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসা পেলে আগামীতেও নিয়মিত নির্দেশনার কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই নাটকের মূল গল্প আবর্তিত হয়েছে একজন নীতিবান ও আদর্শবাদী শিক্ষককে কেন্দ্র করে। একটি সুন্দর, কুসংস্কারমুক্ত, শিক্ষিত ও মানবিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন তিনি। তবে চারপাশের সামাজিক অবক্ষয়, দুর্নীতি, নানা অনিয়ম এবং পারিপার্শ্বিক চাপের মুখে তার সেই মহৎ স্বপ্ন বাধাগ্রস্ত হতে থাকে। একপর্যায়ে তীব্র হতাশা আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং এক চরম আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ধাবিত হন। এমন সংকটময় পরিস্থিতিতে তার সহধর্মিণী তাকে জীবনের প্রকৃত অর্থ বোঝানোর চেষ্টা করেন এবং স্বপ্ন বিসর্জন না দিয়ে প্রতিকূলতার মাঝেও তা টিকিয়ে রাখাই যে জীবনের আসল শক্তি, সেই সত্যটি তুলে ধরেন।