মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের ফলে জ্বালানি সরবরাহে তৈরি হওয়া অনিশ্চয়তা মোকাবিলায় বিকল্প প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কিত। যেকোনো ধরনের বিপর্যয় এড়াতে সরকার আগেভাগেই সচেষ্ট রয়েছে। তিনি আরও জানান, জ্বালানি সহায়তার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পল কাপুর দ্রুতই বাংলাদেশের অনুরোধের বিষয়ে আপডেট জানাবেন।