আর্কাইভ
ads
logo

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পি.এম
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

ads

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক পরিচিত মুখ। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পর এবার কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। ওই দিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত অবস্থায় বের হতে দেখা যায়।

সাক্ষাৎকার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।”

সাক্ষাৎকার বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।”

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্ট দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন চমক। এরপর তিনি ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ