ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে ফেনীর সোনাগাজীর এক ব্যবসায়ী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মাসুদ (৪৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নুর আলম মাসুদ সোনাগাজীর সততা অয়েল মিলসের মালিক ছিলেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। পৌরসভার নজরুল প্রাইমারি স্কুল এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে তিনি বসবাস করতেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি স্কুল এলাকায় বিকল্প প্রক্রিয়ায় অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপে বিস্ফোরণ ঘটে। এতে নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাসুদকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।
স্থানীয় জিয়া উদ্দিন হৃদয় বলেন, “প্রায় সময়ই দেখতাম তিনি ইউটিউব দেখে দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। হঠাৎ বিস্ফোরণে আহত হয়ে এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
নিহতের ভাই মোর্শেদ বলেন, “আমার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।”
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”







