আর্কাইভ
ads
logo

তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০৮:৪৮ পি.এম
তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার

ads

জীর্ণ কুটির আর দারিদ্র্যের কঠিন বাস্তবতার মাঝেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে নাটোরের লালপুরের কিশোরী ফুটবলার আলেয়া খাতুন। কৃষক পরিবারের এই মেয়েটি মাঠে নেমেই বদলে দিচ্ছে নিজের ভাগ্য, আর ফুটবলই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় শক্তি।

প্রতিভা অন্বেষণভিত্তিক টুর্নামেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করেছে আলেয়া। পুরো টুর্নামেন্টে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে নজির গড়ে দিয়েছে এই উঠতি তারকা।

প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর ৩-০ ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষেও সে আবার তিন গোল করে দলকে ৬-০ গোলের বড় জয় এনে দেয়। এরপর তৃতীয় ম্যাচে গুরুদাসপুরের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৪-০ গোলের জয় নিশ্চিত করে লালপুর, আর এর মাধ্যমেই আসে শিরোপা।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলায় আলেয়া খাতুন নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি অর্জন করে।

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর পরিবারে চার বোন ও এক ভাই রয়েছে। কৃষক বাবার উৎসাহই তার এগিয়ে চলার প্রধান অনুপ্রেরণা। বাবার সমর্থনে সে বর্তমানে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে।

দারিদ্র্যের সীমাবদ্ধতা সত্ত্বেও আলেয়ার স্বপ্ন অনেক বড়—একদিন বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে পতাকা উড়ানো।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর আশা, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে আলেয়া ভবিষ্যতে দেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার এই সাফল্যে এখন গর্বে ভাসছে পুরো লালপুর ও নাটোরবাসী।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ