শিক্ষাখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণের কথাও জানান তিনি।
আজ বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা এবং ক্যাম্পাসগুলোকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা। শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার সময়কাল যেন দীর্ঘ না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে। লক্ষ্য হলো একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা এবং সেশনজট কমিয়ে আনা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে, ১২ বছরে না যায়। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়। সে লক্ষ্যেই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যা প্রয়োজন, সেটাই করা হবে। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’
তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শুধু জিপিএ-৫-এর কথা বলব না, শিক্ষার্থীরা কী শিখেছে সেটাই গুরুত্বপূর্ণ। দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’
এর আগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘নেট জিরো ক্যাম্পাস’ গঠনের অংশ হিসেবে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পটি পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেড-এর প্রতিনিধিরা, শিক্ষক ও শিক্ষার্থীরা।







