হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠার পর পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
সহকারী পুলিশ সুপার (চুনারুঘাট-মাধবপুর সার্কেল) মোহাম্মদ রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন চুনারুঘাট থানার এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াবা দিয়ে ওই পরিবারের সদস্যদের ফাঁসানোর অভিযোগের পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড় থেকে একই পরিবারের তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন কালীশিরী গ্রামের ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) এবং ছায়েদ মিয়ার ছোট ভাই ইউনুস মিয়া (৪৫)।
তবে স্থানীয়দের ভাষ্য, ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। বৃহস্পতিবার সেই বিরোধের একটি মামলায় হাজিরা দিতে ওই তিনজন হবিগঞ্জ আদালতের উদ্দেশে যাচ্ছিলেন।
আটক তিনজনের অভিযোগ, বগাডুবী রেললাইনের মোড়ে পুলিশ তাদের ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশ তাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করে বলে তারা অভিযোগ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। প্রায় সাত ঘণ্টা পর পুলিশ ওই তিনজনকে ছেড়ে দেয়।
অভিযোগের বিষয়ে এসআই মাসুম আল মামুনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই তিনজনের ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাফিউর রহমান বলেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।