সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

বিদেশি কর্মীদের ‘ক্রীতদাস’ বলায় ভ্যান্সের মন্তব্যের প্রতিবাদ ভারতের

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের ‘চুক্তিভিত্তিক ক্রীতদাস’ হিসেবে অভিহিত করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘অত্যন্ত আপত্তিকর’ বলে উল্লেখ করেছে।

বিদেশি কর্মীদের ‘ক্রীতদাস’ বলায় ভ্যান্সের মন্তব্যের প্রতিবাদ ভারতের

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের ‘চুক্তিভিত্তিক ক্রীতদাস’ হিসেবে অভিহিত করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘অত্যন্ত আপত্তিকর’ বলে উল্লেখ করেছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে মেধাবী ও পেশাজীবীদের অবাধ যাতায়াত উভয় দেশের অর্থনীতির জন্যই ইতিবাচক ভূমিকা রাখে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ পার্ম (PERM) কর্মসূচি থেকে আটটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে মার্কিন প্রশাসন। এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই বিতর্কিত মন্তব্য করেন জেডি ভ্যান্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ভারতীয় পেশাজীবীদের সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে ভাষা ব্যবহার করেছেন, তা অযৌক্তিক। যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীরা উচ্চশিক্ষিত এবং দেশটির অর্থনীতি ও উদ্ভাবন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসই গড়ে উঠেছে কয়েক প্রজন্মের অভিবাসীদের শ্রম ও উদ্ভাবনের মাধ্যমে। তাঁদের অবদান দেশটির সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ পরিস্থিতিতে বেদনাদায়ক ঐতিহাসিক ও ঔপনিবেশিক বার্তা বহন করে এমন পরিভাষা ব্যবহার করা অত্যন্ত আপত্তিকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই দেশের পেশাজীবীদের যাতায়াত মার্কিন প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন, প্রতিযোগিতা, গবেষণা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে। ফলে এ ব্যবস্থা উভয় দেশের জন্যই পারস্পরিক সুফল বয়ে আনে। সামাজিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন।

মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের ফলে আটটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের পার্ম প্রক্রিয়ায় অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো মাইক্রোসফট, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, ইনফোসিস, অ্যাডোবি, কগনিজেন্ট, এইচসিএল ও ক্যাপজেমিনি।

মার্কিন প্রশাসনের দাবি, বিদেশি কর্মী নিয়োগের এই ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে ভারত সরকার জানিয়েছে, পার্ম কর্মসূচি স্থগিতের কারণে বর্তমানে চালু থাকা এইচ-১বি ভিসার বৈধতা কিংবা ভিসাধারীদের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

জেডি ভ্যান্সের বক্তব্য ঘিরে বিতর্ক

পার্ম কর্মসূচি স্থগিতের পক্ষে যুক্তি দিতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশেষ করে মাইক্রোসফটের উদাহরণ তুলে ধরেন। তাঁর দাবি, মার্কিন প্রতিষ্ঠানগুলো স্থানীয় কর্মীদের বাদ দিয়ে কম খরচে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে।

ভ্যান্স বলেন, গত এক বছরে মাইক্রোসফট প্রায় ৬ হাজার মার্কিন কর্মীকে ছাঁটাই করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি ৬ হাজার ৩০০টি এইচ-১বি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, হিসাব করলে দেখা যায়, মাইক্রোসফট প্রতি একজন মার্কিন কর্মীকে ছাঁটাই করার বিপরীতে প্রায় দেড়জন বিদেশি ‘চুক্তিভিত্তিক ক্রীতদাস’ নিয়োগ দিয়েছে।

এ সময় ভ্যান্স আরও বলেন, বিদেশি কর্মীদের ওপর নির্ভর না করে মার্কিন প্রতিষ্ঠানগুলোর উচিত দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া এবং ‘আমেরিকান কর্মীদের’ নিয়োগ করা।