ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ভারতের গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক ঐতিহ্যকে দমন করে দেশকে পরাধীন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ধরপাকড় এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের পর তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
দিল্লিতে পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করে খাড়গে বলেন, বর্তমান প্রশাসন তরুণ, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, কৃষক ইউনিয়নের নেতা এমনকি কনটেন্ট ক্রিয়েটরদেরও নির্বিচারে আটক করছে। সরকারের নীতির সমালোচনা করলেই তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
খাড়গে বলেন, এ ধরনের আচরণ এখন সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে। পুলিশি গ্রেপ্তার কিংবা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কংগ্রেস সভাপতি আরও বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকেই দেশটির যুবসমাজ ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে কংগ্রেস ও ঐক্যবদ্ধ বিরোধী জোটের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অন্যদিকে, ক্ষমতাসীন শিবিরের নেতারা আন্দোলনের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, এ ধরনের জমায়েত ও বিক্ষোভ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ।
শাসক দলের নেতাদের মতে, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সব মিলিয়ে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও রাজনৈতিক নেতাদের ধারাবাহিক আটকের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।