শনিবার রাতের প্রথম ভাগে গ্যাটউইক বিমানবন্দর থেকে আনুমানিক আট মাইল দূরে ক্রোলির ক্যালডাইন বিজনেস পার্ক চত্বরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরিস্থিতির ভয়াবহতা নিয়ন্ত্রণে ফায়ায় সার্ভিসের আটটি দল রাতভর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালায়।
আগুনের চরম তীব্রতায় সংলগ্ন বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের দুই হাজারের বেশি বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে অধিকাংশ সংযোগ পুনর্স্থাপিত হলেও বেশ কিছু গ্রাহক দীর্ঘ সময় বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকেন।
এই আকস্মিক দুর্ঘটনায় বিদেশে অবস্থানরত বহু যাত্রী নিজেদের যানবাহনের বর্তমান অবস্থা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, 'স্যাফায়ার পার্কিং' নামের দায়িত্বপ্রাপ্ত ভ্যালেট পার্কিং সংস্থাটি কোনো প্রকার তথ্য প্রদান করছে না এবং তাদের সাথে যোগাযোগও এড়িয়ে চলেছে।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের নিষেধাজ্ঞা থাকায় যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। তাছাড়া অধিকাংশ গাড়ি পুরোপুরি পুড়ে যাওয়ায় নিজস্ব বাহনটি শনাক্ত করাও দুরূহ হয়ে পড়েছে বলে ভুক্তভোগীরা জানান।
উদ্ভুত পরিস্থিতিতে ‘স্যাফায়ার পার্কিং’ এক বিবৃতিতে জানিয়েছে, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাউকে চত্বরে প্রবেশ করতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলেই গাড়ির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র গ্রাহকদের জানানো সম্ভব হবে।
এদিকে গ্যাটউইক বিমানবন্দর প্রশাসন স্পষ্ট করেছে যে, অগ্নিকাণ্ডের ঘটনাটি বিমানবন্দরের নিজস্ব কোনো আঙিনায় ঘটেনি, এটি একটি স্বাধীন তৃতীয় পক্ষ পরিচালিত পার্কিং এলাকা। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও চিন্তিত যাত্রীদের স্থানীয় পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।