মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আপিলের সুযোগ ও প্রক্রিয়া আইনে নির্ধারিত। সরকার বা ট্রাইব্যুনাল চাইলেই কাউকে আপিলের সুযোগ দিতে পারে না।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল ইসলাম।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে একাধিকবার ভারতকে তাগাদাও দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে গত ১২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। এর একটি হলো, চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে পুনর্বিচার বা আপিলের সুযোগ দেওয়ার নিশ্চয়তা।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে গত শনিবার ভারতের একটি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখান থেকে উদ্ধৃত করে শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর একে ‘উদ্ভট’ ধারণা হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এ জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।”
আমিনুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, “ভারত সরকার যে অ্যাডভাইস করতেছে (পুনর্বিচারের), তারা তো এই মামলার ট্রায়াল প্রসিডিং (বিচারিক কার্যক্রম) শুরু থেকেই জানে। তাদের আশ্রয়ে- প্রশ্রয়ে আসামি আছেন। ভারত তখন কেন তাদের অতিথিকে (শেখ হাসিনাকে) অ্যাডভাইস করলেন না যে, আপনি (শেখ হাসিনা) বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন।
“অথবা কেন বললেন না যে আপনি ইন টাইম (নির্ধারিত সময়ের মধ্যে) গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। আর এখন আইসা আবার আমাদেরকে অ্যাডভাইস করছেন যে আপনি ডিনোভো ট্রায়াল করেন।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল গত বছরের ১৭ নভেম্বর। সে হিসাবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে।
আইনটি আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত হয়েছিল উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, “২০১০ সালে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং কার্যপ্রণালি বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ওই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার আপিলের বিধানসংক্রান্ত কোনো ধারা পরিবর্তন করেনি। আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই বিচার হচ্ছে। আইন অনুমতি না দিলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর, কেউই আপিলের (শেখ হাসিনাকে) সুযোগ দিতে পারেন না।”
এদিকে, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাব দেওয়া তাঁর এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।