রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএসের (সন্তু লারমা) মধ্যে ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ বিষয়ে তাঁরা খবর পেয়েছেন। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় অবস্থিত। গোলাগুলি প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে চললেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় জেএসএসের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, “গোলাগুলির কোনো খবর এখনো আমার কাছে আসেনি। আর জেএসএসের এসব গোলাগুলিতে জড়িত থাকার প্রশ্নই আসে না।”
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।