একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান। মানুষ যখন প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খায়, তখন শুধু উন্নয়নের পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা যথেষ্ট নয়। জনজীবনের বাস্তবতাকেও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন হয়। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এমনই একটি নতুন আলোচনার সৃষ্টি করেছে।
সরকার সম্প্রতি ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশ্ন থেকে যায়—এই বাড়তি চাপের পুরোটা কি সাধারণ মানুষের ওপরই বর্তাবে? অর্থনৈতিক হিসাব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন ও জীবিকার বিষয়টিও সমানভাবে বিবেচনা করা প্রয়োজন।
জ্বালানি তেলের দাম বাড়ার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের মোটরসাইকেলনির্ভর কর্মজীবীদের ওপর। বর্তমানে হাজার হাজার তরুণ রাইড শেয়ারিং, অনলাইন ডেলিভারি, কুরিয়ার সেবা ও বিভিন্ন পরিবহনভিত্তিক পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের অধিকাংশের আয় নির্ভর করে প্রতিদিনের ট্রিপসংখ্যার ওপর। ফলে জ্বালানির দাম বাড়ায় তাঁদের দৈনন্দিন ব্যয় বাড়লেও সেই অনুপাতে আয় বৃদ্ধির সম্ভাবনা নেই।
বাংলাদেশের সাধারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে রয়েছে। গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে জ্বালানির দাম নতুন করে বাড়ায় বাজারে আরও মূল্যচাপ তৈরি হয়েছে। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি ও পরোক্ষ—দুইভাবেই মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে।
এ অবস্থায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যাতে নিম্ন আয়ের মানুষের জীবনে নতুন সংকট তৈরি না করে, সে জন্য তাঁদের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনতে হবে।
অন্যদিকে, জ্বালানির দাম বাড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে পারেন। তাই বাজার তদারকি জোরদার করা ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট মোকাবিলায় এ খাত নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে মুক্তির কার্যকর পথ নেই। বর্তমান বৈশ্বিক বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা একটি দেশের অর্থনীতিকে কতটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা অবশ্যই প্রয়োজন। তবে সেই স্থিতিশীলতা যেন সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দেয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সময়ে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত অর্থনৈতিক বাস্তবতা ও জনজীবনের প্রয়োজনের মধ্যে একটি কার্যকর ভারসাম্য তৈরি করা।