শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। প্রতিষ্ঠানগুলোকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য মনোনীত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে একটি প্রতিষ্ঠান।

শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। প্রতিষ্ঠানগুলোকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য মনোনীত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে একটি প্রতিষ্ঠান।

বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানান, মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডানাটা।

প্রতিষ্ঠানগুলোর নাম বেবিচকের কাছে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা, নিয়ন্ত্রক সংক্রান্ত বা অন্য কোনো বাধা রয়েছে কি না, তা যাচাই করবে কর্তৃপক্ষ।

আবু সাঈদ মাহবুব খান বলেন, বেবিচকের ছাড়পত্র পাওয়ার পর জাপানি কনসোর্টিয়াম যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি অপারেটর নির্বাচন করবে। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স ইস্যু করবে বেবিচক। এর মাধ্যমে তৃতীয় টার্মিনালে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরুর পথ তৈরি হবে।

এ উদ্যোগকে বাংলাদেশের বিমান চলাচল খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কারণ, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দেশের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে কাজ করার সুযোগ পেতে প্রতিযোগিতায় নেমেছে।

প্রস্তাবিত ব্যবস্থায় নির্বাচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কাজ করবে। তবে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে জাতীয় পতাকাবাহী সংস্থাটির হাতেই থাকবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মধ্যে রয়েছে উড়োজাহাজের সেবা কার্যক্রম, যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনা, চেক-ইন, র‌্যাম্প পরিচালনা এবং উড়োজাহাজের টার্ন অ্যারাউন্ড কার্যক্রম। এসব সেবার মান, সময়ানুবর্তিতা ও যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতার ওপর সরাসরি প্রভাব ফেলে।

শিল্প খাতের বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের গুরুত্ব শুধু নতুন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বাংলাদেশ তৃতীয় টার্মিনাল নির্মাণের পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক মানের বিমানবন্দর পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে।

যাত্রীদের জন্য ব্যাগেজ সরবরাহ, চেক-ইনের দক্ষতা, যাত্রীদের সহায়তা এবং সেবা বিঘ্নিত হলে তা দ্রুত সামাল দেওয়ার সক্ষমতা হবে সেবার মান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সূচক। অন্যদিকে, এয়ারলাইনসগুলোর জন্য নিরাপদ উড়োজাহাজ পরিচালনা, দ্রুত টার্ন অ্যারাউন্ড, নির্ভরযোগ্য গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম এবং ফ্লাইটের সময়সূচি বজায় রাখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

চারটি প্রতিষ্ঠানেরই আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে তাদের কার্যক্রমের বিস্তার, পরিচালনাগত অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতায় পার্থক্য রয়েছে।

মেনজিস ৬৫টি দেশের ৩৪৭টি বিমানবন্দরে কার্যক্রম পরিচালনা করে। সুইসপোর্ট প্রায় ৪৪ থেকে ৪৯টি দেশের প্রায় ৩১০টি বিমানবন্দরে কাজ করে। ডানাটা ৩৫টি দেশের ১৪৬টি বিমানবন্দর বা স্থানে কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, চেলেবি পাঁচটি দেশের ৬০টির বেশি বিমানবন্দরে সেবা দিয়ে থাকে।

কর্মীর সংখ্যার দিক থেকেও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। মেনজিসের কর্মী ৬৫ হাজারের বেশি, সুইসপোর্টের প্রায় ৪৩ হাজার, ডানাটার ৫৫ হাজারের বেশি এবং চেলেবির প্রায় ৯ হাজার।

মেনজিস বছরে প্রায় ৫৩ লাখ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং করে। সুইসপোর্ট বছরে প্রায় ৪০ লাখ ফ্লাইটের এবং ডানাটা ৮ লাখ ৮৮ হাজারের বেশি উড়োজাহাজের টার্ন অ্যারাউন্ড কার্যক্রম পরিচালনা করে।

কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সুইসপোর্টের কার্যক্রমের পরিসর তুলনামূলক বড়। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৬২ লাখ টন কার্গো হ্যান্ডলিং করে। অন্যদিকে, ডানাটা প্রায় ৩২ লাখ টন এবং মেনজিস প্রায় ২৪ লাখ টন কার্গো হ্যান্ডলিং করে। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, বিভিন্ন পরিচালনাগত ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আলাদা শক্তি রয়েছে।

বাংলাদেশে মেনজিসের প্রস্তাবটি বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, তাদের পরিকল্পনায় স্থানীয় বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি নির্বাচিত হলে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ অর্থ গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম, বিমান চলাচল প্রযুক্তি, কর্মীদের প্রশিক্ষণ এবং পরিচালনাগত সক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এক হাজারের বেশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এসব কর্মীর প্রায় ৯৯ শতাংশ বাংলাদেশি হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথাও বলা হয়েছে।

মেনজিস বিমানবন্দর এলাকায় একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া পেশাগত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও কর্মজীবনের সুযোগ তৈরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং বিমান চলাচলবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, বেবিচক গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান পরিমাপের জন্য নির্দিষ্ট মানদণ্ড চালুর দিকে এগোচ্ছে। এ ক্ষেত্রে প্রথম ব্যাগেজ প্রায় ১৫ মিনিটের মধ্যে এবং সব ব্যাগেজ প্রায় ৪০ মিনিটের মধ্যে সরবরাহ সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

গত মাসে বাংলাদেশ সফরের সময় মেনজিসের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, প্রতিষ্ঠানটি ওয়াইড-বডি উড়োজাহাজ থেকে প্রথম ব্যাগেজ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এবং সর্বশেষ ব্যাগেজ ৪০ মিনিটের মধ্যে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করতে পারে।

তিনি বলেন, প্রস্তাবিত কার্যক্রমে রিয়েল-টাইম স্ক্যানিং, ডিজিটাল ব্যাগেজ সমন্বয় এবং কার্যসম্পাদন পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করা হবে।

উড়োজাহাজের টার্ন অ্যারাউন্ডও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্যাগেজ খালাস, সেবামূলক কার্যক্রম, র‌্যাম্প সমন্বয় কিংবা পুনরায় ব্যাগেজ তোলার কাজে বিলম্ব হলে তা সরাসরি এয়ারলাইনসের ফ্লাইটের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের উন্নত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সুফল পেতে অভিজ্ঞ অপারেটর প্রয়োজন হবে।