বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ‎

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎

‎এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উত্তম রায় উপজেলার কদু বর্মনের ছেলে। তিনি বিবাহিত এবং তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মা ও ভাই বাইরে কাজে গেলে আসামি বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এজাহারে অভিযোগ করা হয়, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্র দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন উত্তম রায়। পরে ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে তাকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়েও ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
‎
‎এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভয়ে কিশোরী দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি।
‎
‎সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনার কথা জানায়। এরপর তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
‎
‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।