মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির এই নেতা।

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির এই নেতা।

ইশরাক হোসেন বলেন, সোমবার থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে শুরু করা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

নিজের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইশরাক বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সেদিন তিনি কোনো ভুল করেননি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে এ নিয়ে কিছু সত্য তথ্যের পাশাপাশি অতিরঞ্জিত ও কল্পনানির্ভর ঘটনা তুলে ধরা হয়েছে। তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেন এই নেতা।

ইশরাকের দাবি, মাদক নির্মূলের মূল উদ্দেশ্য থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, জমি দখল বা চাঁদা আদায়ের উদ্দেশ্যে তিনি সেখানে যাননি; বরং মাদক নির্মূলের লক্ষ্যেই গিয়েছিলেন। নিজের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন বলেও জানান তিনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কা থেকেই অস্ত্র হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করেন।

ঘুণ্টিঘর এলাকাকে মাদক সরবরাহ ও বিস্তারের কেন্দ্র হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আগে থেকেই অভিযোগ করে আসছিলেন। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি। মেয়র পদে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, তিনি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। দল তাঁকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে অবশ্যই প্রার্থী হবেন।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।