বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

দশ দিনেও গ্রেপ্তার হয়নি রাবি সাংবাদিকদের ওপর হামলায় জড়িত কেউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত সাংবাদিকেরা হলেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

ঘটনার পরদিন ৫ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলা হওয়ার পর ১০ দিন অতিবাহিত হলেও হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে।

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার পরও কেন তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না, জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সাংবাদিকদের দাবি, হামলার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এসব ফুটেজ ও ছবির মাধ্যমে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। তারপরও তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁরা এমন কোনো আশ্বাস পাননি, যাতে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেন।

তিনি আরও বলেন, তাঁরা এখনো বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছেন। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে তাঁদের দিন কাটাতে হচ্ছে।