বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা জানিয়েছে। প্রকল্প অনুমোদনের সময় সংশ্লিষ্ট প্রকল্প কতটুকু টেকসই হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে কারিগরি কর্মকর্তারা বিস্তারিত বিশ্লেষণ করেন।

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা জানিয়েছে। প্রকল্প অনুমোদনের সময় সংশ্লিষ্ট প্রকল্প কতটুকু টেকসই হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে কারিগরি কর্মকর্তারা বিস্তারিত বিশ্লেষণ করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। এর আগেও বিগত সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বাজেট দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো মানুষের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি। এ কারণে এখনো বাঁধের কাজ কতটুকু টেকসই হবে, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে।

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় নিয়ে মানুষের ভালো ধারণা নেই। বিগত সরকার মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করেছে। তবে বর্তমানে প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে প্রতি মাসে একবার সভা করেন। এ ছাড়া প্রতি মাসে দুইবার সভা করে গঠিত টাস্কফোর্স প্রকল্পগুলো পর্যালোচনা করে। তারা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকি করে প্রতিবেদন দেয়।

প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, একটি প্রকল্প গ্রহণের সময় শুধু প্রকৌশলী বা ঠিকাদার নয়, স্থানীয় জনগণের কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করা হয়। কারণ বিএনপি সরকার জনবান্ধব সরকার। প্রকল্পের কাজেও জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রকৌশলী বা ঠিকাদার কাজ শেষ করে চলে গেলেও স্থানীয় মানুষ প্রকল্পটির সুবিধা-অসুবিধা নিয়মিত অনুভব করবেন। তাই প্রকল্পের কাজ দেখভাল এবং তা যথাযথভাবে হচ্ছে কি না, সেটিও স্থানীয়দের দেখতে হবে।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।