খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে লিখিত ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে পুলিশ সদস্যদের।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ সময় দুর্বৃত্তরা তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত শাহ আলমকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ ঘটনার পর দায়িত্ব পালনরত ও বিশেষ অভিযানে অংশ নেওয়া সদস্যদের সতর্ক করে চিঠি দেয় খুলনা জেলা পুলিশ। চিঠিতে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা উপজেলায় বিশেষ অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাতে একা চলাচল করা যাবে না।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সন্ত্রাস দমনে চারটি উপজেলায় বিশেষ অভিযান চলছে। অভিযান শেষে রাতে নদী পার হয়ে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাওয়ার পথে হামলার শিকার হন শাহ আলম। তিনি সাদাপোশাকে থাকায় ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর অন্য সদস্যদের সতর্ক করতে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো অভিযান পরিচালনার আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অসতর্কভাবে চলাচলের কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, পুলিশ সদস্যদের সতর্ক করতে লিখিত নির্দেশনার পাশাপাশি মৌখিকভাবেও নির্দেশনা দেওয়া হয়েছে।