শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ভারী বর্ষণ-বন্যায় ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা

টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ভারী বর্ষণ-বন্যায় ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা
ছবি: গ্রাফিক্স

‎টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

‎ব্যাংককের গভর্নর জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজধানীতে প্রায় ৩০০ মিলিমিটার বা ১১ দশমিক ৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। জরুরি দুর্যোগ ঘোষণা করায় পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলো দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আইনি ক্ষমতা পেয়েছে।

‎অবিরাম বৃষ্টির কারণে ব্যাংককের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে খালের পানি উপচে আশপাশের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেছে। উত্তর ব্যাংককের এক বাসিন্দা জানান, পানি কোমরসমান উচ্চতায় উঠে যাওয়ায় তাকে দোকান বন্ধ রাখতে হয়েছে। তার মতে, এবারের পরিস্থিতি ২০১১ সালের ভয়াবহ বন্যার চেয়েও মারাত্মক রূপ নিয়েছে।

‎ব্যাংককের গভর্নর চাদচার্ট সিথিপুন্ট জানান, শহরের পূর্বাঞ্চল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অনবরত বৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সেচের মাধ্যমে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও খালগুলো ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

‎খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত তাদের যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। পাশাপাশি জীবন রক্ষাকারী চিকিৎসার ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের সাময়িকভাবে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।