কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সৌদি-সমর্থিত বাহিনী। এর ফলে এলাকাটিতে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ নৌপথে হুতিদের প্রভাব বাড়ায় বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আরব উপদ্বীপের দুই প্রান্তে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা তৈরি হচ্ছে।
একদিকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করছে, অন্যদিকে বাব এল-মান্দেব এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এতে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান সমুদ্রপথগুলো দুই দিক থেকেই চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে। বাহিনীটির ভাষ্য, রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েই সেনা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাদের এডেনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ, রাজধানী সানা এবং দেশটির সবচেয়ে জনবহুল এলাকাগুলো আগে থেকেই হুতিদের নিয়ন্ত্রণে। সম্প্রতি দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও চাপ বাড়িয়েছে গোষ্ঠীটি।
বাব এল-মান্দেব কেন গুরুত্বপূর্ণ
বাব এল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যপথ। এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রণালিটি বিশেষ ভূমিকা রাখে। এই পথ দিয়ে জাহাজ লোহিত সাগর হয়ে মিসরের সুয়েজ খালে প্রবেশ করে ভূমধ্যসাগরে পৌঁছায়। ফলে প্রণালিটির নিয়ন্ত্রণ বা নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব পড়তে পারে।
গত সেপ্টেম্বর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় হুতি বিদ্রোহীরা। এ সময় দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তারা বাব এল-মান্দেবের কাছাকাছি পৌঁছে যায়। এর জবাবে সরকারি বাহিনী অক্টোবর মাসে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরু করে। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই অভিযান থেকে পিছু হটতে হচ্ছে তাদের।
ইরান যুদ্ধের নতুন ফ্রন্ট
ইয়েমেনে সংঘাতের এই বিস্তার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নতুন অস্থিরতা তৈরি করেছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পর নতুন করে সংঘাত তীব্র হয়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হুতিরা এ সময় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের ওপর হামলা অব্যাহত রেখেছে।
ইরান যুদ্ধের প্রথম কয়েক মাস তুলনামূলক শান্ত থাকার পর সৌদি আরবে হুতিদের হামলায় দেশটির বিমান চলাচল ও তেল সরবরাহ ব্যাহত হয়েছে। সৌদি বন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে তারা। এসব স্থাপনার মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে।
হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৪ সালে হুতিরা সরকারকে দক্ষিণাঞ্চলে হটিয়ে দেওয়ার পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে সংঘাতের নতুন বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তাইজে অবনতিশীল মানবিক পরিস্থিতি
সামরিক সংঘাতের পাশাপাশি ইয়েমেনে মানবিক সংকটও তীব্র হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ এলাকায় লড়াই ক্রমেই বাড়ছে। সর্বশেষ সংঘাতে বাস্তুচ্যুত হওয়া প্রায় তিন লাখ মানুষের অর্ধেকের বাস এই শহরটিতে। কিন্তু শহরটি অবরুদ্ধ থাকায় সেখানে ত্রাণ সরবরাহ পৌঁছাতে পারছে না। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হওয়ার পথও বন্ধ রয়েছে।
দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও দারিদ্র্যে বিপর্যস্ত ইয়েমেন এমনিতেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। নতুন করে লড়াই ছড়িয়ে পড়ায় খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তার সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাব এল-মান্দেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত এখন আর শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। হরমুজ ও বাব এল-মান্দেব—দুটি প্রণালিতে একযোগে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি থেকে শুরু করে এশিয়া-ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।