মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই। জনগণও তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
জামায়াতের আমির বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কার্যত বাংলাদেশ এর কোনো সুফল পায়নি।
তিনি আরও বলেন, জাপান, চীন কিংবা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রের ক্ষেত্রেই সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।